মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০০৯

মধ্যভাষণ

সঙ্ সমাচার

নিত্য যত সম্পদ গোপনে লুট ক’রে আনি
প্রকাশ্যে বিধাতা চুরি ক’রে নিয়ে যায়
টিকে থাকে বিধাতার ভারসাম্যের মহাসংসার

লুটেরা নরাধমের সম্পদের জমানো পাহাড়
গণফুৎকারে নিমেষেই ছারখার
চূড়ান্ত বরাদ্দে ভিখারির সঙ্ সাজাই সার.....

২৫/০৭/২০০৫ খ্রি:

মধ্যভাষণ

বৃহস্পতির কোনো উপগ্রহে জলের সন্ধান মিলেছে কিম্বা মেলেনি
তা’ নিয়ে ব্যস্ত-বৈজ্ঞানিক বিশ্লেষণের জটিল তর্কালোচনার উদ্দেশ্যে
সম্ভবত আমরা কেউই এখানে আসিনি ...

অভিজাত-ভিখারিরা চেটে চেটে জিভের ছাল ক্ষয় ক’রে কার পায়ে
দগদগে ঘা বানালো আর কাদের উৎপাদিত আলু ভুট্টা বেগুন কলা
কুমড়ো কাঁঠাল গাজর মুলো রপ্তানি-নীতির গলদের কারণে
বিশ্ববাজারে যথাযথ মূল্য না-পেয়ে বর্জ্য হলো!
সেই কাহিনী শোনার মতো লম্বা ধৈর্য নিয়েও আসিনি এখানে ...

দক্ষতা-সাপেক্ষে সাধারণ জণগণের
সকল সম্ভাবনাময় উৎপাদনমুখি কর্মক্ষেত্রগুলো জেগে উঠলে
ঐ সার্বজনীন-লাভে ত্রাণখোর বিত্তবানদের কী পরিমাণ ক্ষতি হবে
কিম্বা তাদের দলগণের পক্ষ থেকে মাঠপর্যায়ে কোনো বাধা
আসবে কি-না এসব প্রমাণিত বিষয় নিয়ে পর্যালোচনার উদ্দেশ্যেও
সম্ভবত আমরা এখানে সমবেত হইনি ...

অলঙ্কার-উৎপ্রেক্ষা-উপমা ছাড়া কবিতা, রূপকবিহীন শিল্প ভাবনা
বিমূর্ত-ভাস্কর বিনির্মাণের চেষ্টা বা অপচেষ্টা আদৌ সফল হবে কি-না
কিম্বা হ’লেও কখনো কোনো প্রায়োগিক ক্ষেত্র খুঁজে পাবে কি পাবে না
তা’ নিয়ে সালিশি-বৈঠকও নয় আজকের এই সমাবেশ ...

সহচরীদের তীক্ষ্ণ বিদ্রুপ, অজুহাত-উত্থাপনকারীদের নিত্য ব্যস্ততার ভান,
আপামর জনগণের অহেতুক ভীতি প্রদর্শনের পরও কাব্যাকার বিলিপত্র
যত্রতত্র বিতরণের মতো স্বেচ্ছাচারি-আহাম্মকি-কর্মকাণ্ডকে কোনোভাবে
উৎসাহিত কিম্বা তিরস্কার করার উদ্দেশ্যেও কেউ আসিনি এখানে ...

সকল বিরূপ-আপত্তি ডিঙ্গিয়ে গণক্ষমা ক’রে দিয়েও এই ভূখণ্ডে
সাধারণ জনগণ তাঁদের বিচারবিভাগের স্বাধীনতা দেখতে পেলোনা ব’লে
উদ্দেশ্যমূলক কোনো ইস্তেহার ঘোষণার মাধ্যমে
গণজাগরণের নামে গণ-আক্রোশ জাগানোর
কূটনীতি নিয়েও কেউ আসিনি এখানে ...

আত্মসম্মানবোধ জাগ্রত না-হ’লে কিম্বা সম-মানের সমস্যায়
আক্রান্ত না-হ’লে আমরা কেউ আসতাম কি-না সেটাও আলোচ্য নয় ...

বরং নিজের প্রতিবিম্বিত-দশা-দর্শনের লক্ষ্যে বিকল্প পথ না-পেয়ে
সাময়িক অবসরের এই সম্মেলনে অন্য সকলের মতো শুনতেই এসেছি
বলা বাহুল্য এটা কোনো গণ-আদালত কিম্বা তর্কাগার নয়
সুধীবৃন্দ, নির্ভয়ে মুক্তমনে প্রত্যেকে স্ব-সত্য কিছু বলুন, নীরবে শুনবো,
কেবল অভিযোগ-বাক্য ছাড়া আর যা’কিছু বলবেন, --সবই শুনবো ...

রঙ্গপুর --২০/০৩/০৫ খ্রি:


বোধোদয়
আমার একার কোনো ভালোই যে, দেশের ভালো নয়...
সহজ এ বিষয়টা আমি বুঝতে চাই না সোজাসুজি
কখনো বা না-বোঝার ভানে পলায়ন চেষ্টা করি
তবে দশের পক্ষ থেকে চড়-থাপ্পড় আসতে দেখলে
দশের ভালোতে যে আমারও ভালো
হয়তো বা আমি তখন কিছুটা বুঝি
এখানে চড়-থাপড়ের বদলে যখন দেখি লাথি-গুরি
পালাতে না-পেরে ধরাপড়া আমি বুঝি পুরোপুরি

রঙ্গপুর --০৫/০৯/২০০৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন